এমএনএ বিনোদন ডেস্ক : অপু বিশ্বাসকে বিয়ে ও তাদের সন্তান নিয়ে বতর্মান সময়ে আলোচনায় থাকা জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৮টা মিনিটে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে যান তিনি। পরে হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি হন এই অভিনেতা।
হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা মোহাম্মদ টুটুল ফকির সাংবাদিকদেরকে একথা জানিয়েছেন।
টুটুল ফকির বলেন, চিত্রনায়ক শাকিব খান কার্ডিয়াক বিভাগের ৫০৪ নম্বর কক্ষে রয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসক আবদুল ওদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
কী অসুস্থতা নিয়ে শাকিব খান হাসপাতালে এসেছেন তার বিস্তারিত জানাতে পারেননি ল্যাবএইডের এই কর্মকর্তা।
এ ব্যাপারে শাকিব খান বলেন, ‘বুধবার রাত ২টার দিকে কিছুটা অসুস্থবোধ করি। ওই সময়ই হাসপাতালের উদ্দেশে বের হই। কিন্তু ভালো লাগায় আবার বাসায় ফিরে আসি।’
তিনি বলেন, ‘এমনিতে সব কিছু ঠিক হয়ে যাবে ভেবে অপেক্ষা করছিলাম। কিন্তু আজ (বৃহস্পতিবার) সকালে ফের অসুস্থবোধ করলে দুপুরে ল্যাবএইডে ভর্তি হই। চেকআপ করে চিকিৎসক পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।’
তবে হাসপাতাল সূত্র বলছে, নায়ক শাকিব খান বুকে ও ঘাঁড়ে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
দীর্ঘ ৮ বছর আগে ঢালিউডি নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে ও তাদের ছয়মাস বয়সী সন্তানের ‘স্বীকৃতি’ চেয়ে একটি বেসরকারি টেলিভিশনে হঠাৎই গত সোমবার উপস্থিত হন অপু বিশ্বাস ।
এ ব্যাপারে শাকিব খানের স্বজনেরা জানান, শিশু ছেলেকে নিয়ে অপু ইসলাম গত সোমবার আচমকা টিভি চ্যানেলের লাইভে আসায় মানসিকভাবে ভেঙে পড়েন শাকিব খান। সেদিন রাত থেকেই তার মানসিক অবস্থা ভালো ছিল না।
এরপর গত কয়েক দিন ধরেই অসুস্থবোধ করছেন শাকিব খান। যদিও তিনি স্ত্রী-সন্তানকে সাদরে মেনে নিয়েছেন। আগামীকাল শুক্রবার বাংলা নববর্ষের প্রথম দিনে তারা নতুন করে সংসার শুরু করবেন বলে কথা রয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

