দক্ষিণ আফ্রিকার ‘চার সেঞ্চুরি’তে পিষ্ট বাংলাদেশ
Posted by: News Desk
October 7, 2017
এমএনএ স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ‘চার সেঞ্চুরি’তে পিষ্ট হচ্ছে বাংলাদেশ। ডিন এলগার এবং এইডেন মার্করামের জোড়া সেঞ্চুরিতে ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনের দুই সেশন শেষেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস যেন দুই ওপেনারের পথেই হাঁটলেন। এলগার-মার্করামের পর আমলা-ডু প্লেসিসও তুলে নেন সেঞ্চুরি। এই চার সেঞ্চুরিতে রানের পাহাড়ের নিচে চাপা পড়ছে যাচ্ছে বাংলাদেশ।
আজ শনিবার ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিন ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে দেড় ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রোটিয়াদের দাপট ঠিকই অব্যাহত থাকে। ৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা আমলার কিছুক্ষণ পর সেঞ্চুরি তুলে নেন ৬২ রানে দিন শুরু করা ডু প্লেসিস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৫৩৫ রান। আমলা ১৩২ ও ডু প্লেসিস ১২০ রান নিয়ে ব্যাট করছেন। লাঞ্চের পর দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটা পরিষ্কার-রান বাড়ানো। সেই চেষ্টাতেই আউট হলেন হাশিম আমলা। লাঞ্চের পর প্রথম ওভারেই বোল্ড।
অনেকটা শাফল করে অফ স্টাম্পের বাইরে এসেছিলেন আমলা। শুভাশিস সেটি দেখে বল করলেন স্টাম্প সোজা। হলো না ব্যাটে-বলে। বল লাগল লেগ-মিডল স্টাম্পে।
১৩২ রানে আউট হলেন আমলা। ভাঙল চতুর্থ উইকেটে ২৪৭ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৫৩৫।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এই নিয়ে চারবার বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে প্রতিপক্ষের চারজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন। এরমধ্যে পাকিস্তান ২০০১ সালে মুলতান টেস্টে বাংলাদেশের বিপক্ষে করে পাঁচ-পাঁচটি সেঞ্চুরি। অন্যদিকে দ্বিতীয়বারের মতো কোনো দল বাংলাদেশের বিপক্ষে টেস্টের কোনো ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি গড়েছে। মার্করাম-এলগারের ২৪৩ রানের জুটির পর ডাবল সেঞ্চুরি পূর্ণ করে আমলা-ডু প্লেসিস জুটিও।

আগের দিন মার্করাম ১৪৩ এবং এলগার ১১৩ রান করে আউট হয়েছেন। ৭ রান করে আউট হওয়া টেম্বা বাভুমা নিজেকে ‘দুর্ভাগা’ ভাবতেই পারেন।
বাংলাদেশের হয়ে শুভাশিষ রায় দুটি উইকেট নেন। রুবেল হোসেন নেন একটি উইকেট। প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে পড়া তামিম ইকবালের জায়গায় একাদশে ঢুকেছেন সৌম্য সরকার। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ, তাসনিক আহমেদ এবং শফিউল ইসলামকে বসিয়ে তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশিষ রায়কে একাদশে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে পড়া মরনে মরকেলের জায়গায় একাদশে ঢুকেছেন ওয়াইন পারনেল।
২০০৭ সালের পর প্রথমবারের মতো ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার কিংবা মরকেলের মধ্য হতে যেকোনো একজনকে ছাড়া টেস্ট খেলতে নামল প্রোটিয়ারা।
বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শুভাশিস রায়।
দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যান্ডিলে ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ওয়েইন পারনেল ও ডোয়াইন অলিভিয়ে।
বাংলাদেশ চার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিতে পিষ্ট 2017-10-07