Don't Miss
Home / আইন আদালত / দেশে সরকারি চাকরিতে ৪,৬৮,২২০ পদ শূন্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে সরকারি চাকরিতে ৪,৬৮,২২০ পদ শূন্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানিয়েছেন, দেশে সরকারি চাকরিতে বর্তমানে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে।

তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে সরকারি চাকরিতে কর্মরত আছেন মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। এর মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন, তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে রয়েছেন ৭ হাজার ৯৮০ জন।

শূন্যপদের হিসাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রথম শ্রেণিতে ৬৮ হাজার ৮৮৪টি, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে ৮ হাজার ১৩৬টি পদ খালি রয়েছে।

এদিকে, আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে জানান, জনগণকে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা রাজনৈতিকভাবে প্রভাবিত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকি মামলাগুলোও যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি আদালতের মাধ্যমে খালাস পেলে এবং নির্দোষ প্রমাণিত হলে তাকে সম্মানজনক আচরণ করা তার মৌলিক অধিকার।

একটি সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী উল্লেখ করেন, অতীতে এমন ঘটনাও ঘটেছে যেখানে প্রতিবন্ধী ব্যক্তি, রাজনৈতিক নেতা এমনকি বহু বছর আগে মৃত ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এসব বিষয় সরকার অবগত রয়েছে এবং যেখানে সম্ভব, মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে আবেদন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এই প্রক্রিয়া সরাসরি আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নয়।

x

Check Also

ঈদযাত্রায় সড়কে মৃত্যুমিছিল: ১৫ দিনে ২৯৮ প্রাণহানি, চট্টগ্রামে সর্বোচ্চ দুর্ঘটনা

এমএনএ প্রতিবেদক ঈদুল ফিতরকে ঘিরে দেশের সড়কপথে আবারও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা ...