এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ন্যাটো সামরিক জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পোঁছেছেন ট্রাম্প। তবে ট্রাম্পের সফরসঙ্গীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এটি সম্ভবত অত্যন্ত কঠিন এক বৈঠক হতে যাচ্ছে।

বিবিসি খবরে জানা গেছে, ন্যাটোর বৈঠক শেষ করে আজ বৃহস্পতিবারই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন ট্রাম্প। তবে এই দুটি বৈঠক ট্রাম্পের জন্য ব্যাপক চ্যালেঞ্জের হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে বারবার বেফাঁস মন্তব্য করেন ট্রাম্প। যার কারণে ওই দুটি জোটের নেতারা ট্রাম্পকে খুব একটা স্বাভাবিকভাবে নাও নিতে পারেন।
তবে ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছে পূর্ণ আর্থিক সহয়তার প্রস্তাব দিয়ে বসতে পারেন ট্রাম্প। এছাড়া মিত্রশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে আরো প্রতিশ্রুতির নিশ্চয়তা চাইতে পারেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
কিন্তু ব্রাসেলসে পোঁছেই ব্যাপক বিক্ষোভের শিকার হয়েছেন ট্রাম্প। বেলজিয়ামের রাজা এবং রানীর সঙ্গে তার সাক্ষাৎকালে ব্রাসেলস সিটি সেন্টারে বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা। তাদের হাতে প্ল্যাকার্ড এবং ব্যানারে লেখা ছিল, ‘স্টপ ট্রাম্প, সেভ দ্য প্লানেট।’

এদিকে, ম্যানচেস্টারের একটি কনসার্টে হামলার ছবি ও তথ্য প্রকাশ করায় নিউইয়র্ক টাইমস পত্রিকার সমালোচনা করেছে ব্রিটিশ পুলিশ। কর্মকর্তারা বলছেন, এগুলো ফাঁস হওয়ার ফলে পুলিশের তদন্ত কাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর সঙ্গে পারস্পরিক আস্থা বিনিময়ের ক্ষেত্রে সংকট তৈরি করছে। ছবিতে বোমার রক্তমাখা টুকরো, ব্যাটারি এবং বিস্ফোরক জাতীয় বস্তু দেখা গেছে।
নিউ ইয়র্ক টাইমস বলছে, বোমাটি তুলনামূলক উচ্চক্ষমতাসম্পন্ন। এছাড়া হামলার বেশকিছু তথ্য মার্কিন বিভিন্ন সূত্র মারফত প্রকাশ করা হয়েছে। বিষয়টি ব্রিটিশ কর্তৃপক্ষ মোটেই পছন্দ করেনি।

আজ বৃহস্পতিবার ন্যাটোর সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তথ্য ফাঁসের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, ব্রিটিশ পুলিশ অনুসন্ধান সংক্রান্ত কার্যক্রমের স্বার্থে তথ্যের ক্ষেত্রে তারাই নিয়ন্ত্রণ রাখতে চায় । ফলে এটা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হলে সেটা অবশ্যই বিরক্তিকর।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

