এমএনএ প্রতিবেদক
বাংলাদেশি নাগরিকদের ভিসা পেতে নির্ধারিত সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ।
বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস এক যৌথ বিবৃতিতে জানায়, ভিসা, পারমিটসহ অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতার সৃষ্টি হতে পারে।
এছাড়া দূতাবাসগুলো স্পষ্ট করে জানায়, তারা কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর সঙ্গে সম্পৃক্ত নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা দেওয়ার দাবি করে এমন কোনো ব্যক্তির ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এতে ভিসা আবেদন প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য হবে বলে উল্লেখ করা হয়েছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

