Don't Miss
Home / আজকের সংবাদ / ফাইনালে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইনালে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : অধরা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। হাইভোল্টেজ ফাইনালে শ্রীলঙ্কার কাছে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে মাশরাফি বিন মর্তুজার দল।
শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন।অফ ফর্মে থাকা এনামুল হক বিজয় ও নাসির হোসেন বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ।
পরিবর্তন এসেছে পেস বোলিং অলরাউন্ডারের জায়গাতেও। শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচে আশাব্যঞ্জক পারফরম করতে পারেননি আবুল হাসান রাজু।তার জায়গায় ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
ফাইনালে লড়াইয়ে শ্রীলংকা দলে এসেছে একটি পরিবর্তন। লক্ষণ সান্দাকানের জায়গায় একাদশে ঢুকেছেন শেহান মাদুশানাকা।
আজকের ম্যাচটি হতে পারে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইলফলক। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি জিতলেই নতুন ইতিহাস সৃষ্টি করবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন টিম টাইগার। এর আগে কখনই তিন বা ততোধিক দলের অংশগ্রহণে কোনো সিরিজের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ একেবারে হাতের মুঠোয়।
ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ২০০৯ সালে এই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিততে জিততে হেরেছিল বাংলাদেশ। শুধু ২০০৯ সাল নয়, শের-ই-বাংলায় ২০১২ এবং ২০১৬ এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের কাছে ফাইনালে বেদনাদায়ক পরাজয় বরণ করেছিল বাংলাদেশ।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে সেই হিসাব চুকানোর পালা। যদিও সর্বশেষ ম্যাচে চন্দিকা হাথুরুসিংহের দলের সামনে মাত্র ৮২ রানে অল-আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। হারতে হয়েছিল ১০ উইকেটে। তবে মাশরাফি বাহিনী ওই ম্যাচটিকে স্রেফ একটা দুর্ঘটনা এবং ‘অ্যালার্মিং’ হিসেবেই দেখছেন। পেছনের সব ভুলে আজ শের-ই-বাংলায় আবার গর্জে উঠবে টাইগাররা এমন প্রত্যাশাই সবার।
ঘরের মাটিতে কখনোই ত্রিদেশীয় সিরিজ কিংবা দু’টির বেশি টিম নিয়ে কোনো টুর্নামেন্ট জেতা হয়নি টাইগারদের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ফাইনালেই সঙ্গী হয়েছে হতাশা। এবার সেই আক্ষেপ ঘোঁচাতে মরিয়া টিম বাংলাদেশ।
ছন্দে ফেরা লঙ্কানদের হারিয়ে ট্রফি হাতে নেওয়ার লক্ষ্য পূরণে সিনিয়রদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিরা জ্বলে উঠলেই জোরালো গর্জন উঠবে গ্যালারিতে।
লঙ্কানদের বিপক্ষে ফাইনালের মহরায় বড় এক ধাক্কাই খেয়েছে স্বাগতিক শিবির। এটিই সমর্থকদের মনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দু’দিন আগের ম্যাচটিতে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় টাইগারদের ব্যাটিং লাইনআপ। ১০ উইকেটের দাপুটে জয়ে বোনাস পয়েন্ট নিয়ে শিরোপা নির্ধারণীতে পা রাখে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জিম্বাবুয়ে।
দুঃস্মৃতি ভুলে সামনে তাকাচ্ছে টিম বাংলাদেশ। শিরোপা ভিন্ন কিছুই ভাবছে না মাশরাফি বাহিনী। মধুর প্রতিশোধ নিতে ফাইনালের চেয়ে আর ভালো মঞ্চ আর কি হতে পারে। প্রথম মুখোমুখি লড়াইয়ে সাবেক কোচ হাথুরুর শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দেয় মাশরাফির দল। ১৯ জানুয়ারির ম্যাচটিতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের (১৬৩) জয় উদযাপন করে বাংলাদেশ। ব্যাক-টু-ব্যাক বোনাস পয়েন্টসহ জয়ে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয় ফাইনাল।
টানা তিন ম্যাচে দাপুটে জয়ের পর হঠাৎই যেন ছন্দপতন! আগের ম্যাচের ভুলে থাকার মতো পারফরম্যান্স পেছনে রেখে ফাইনালে শিরোপা লড়াইয়ে প্রস্তুত টাইগাররা। কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় স্বাগতিক ক্রিকেটপ্রেমীরা। ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে মুখিয়ে আছেন দর্শকরা। বছরের শুরুতে ভক্ত-সমর্থকদের এমন একটি উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ লাল-সবুজের জার্সিধারীরা।
মাঠের খেলায় প্রথম তিন ম্যাচের পুনরাবৃত্তি হলেই এগিয়ে থাকবে বাংলাদেশ। ফাইনালের মঞ্চে সিনিয়ররা জ্বলে উঠলে দলীয় পারফরম্যান্সটাও স্মরণীয় হয়ে থাকবে।
ওপেনার তামিম ইকবাল ফর্মের তুঙ্গে। অলরাউন্ড পারফরম্যান্সে ভরসার প্রতীক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নির্ভরতার আরেক নাম মুশফিকুর রহিম। সঙ্গে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ তো আছেনই। বোলিংয়ে রুবেল-মোস্তাফিজদের সামনে থেকে নেতৃত্ব দেবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঘরের মাটিতে নিজেদের সাবলীল কাজটা করতে পারলেই আর কিছু লাগবে না।
৪ ম্যাচ শেষে সর্বোচ্চ রানস্কোরার তামিম। তিন ফিফটিতে (৮৪ অপ., ৮৪, ৭৬) তার ব্যাট থেকে এসেছে ২৪৯। দু’টি অর্ধশতকের সাহায্যে সাকিব করেছেন ১৬৩। মুশফিকের নামের পাশে ১২০। হাফসেঞ্চুরি একটি। এখনো সেঞ্চুরি দেখা পাননি কেউই। তিনবার সম্ভানা জাগিয়েও পারেননি তামিম। ফাইনালে নিশ্চয়ই আক্ষেপটা মেটাতে চাইবেন।
বোলিংয়ে নিজের স্পিন কারিশমার জানান দিয়েছেন সাকিব। চার ম্যাচে পেয়েছেন ৯টি উইকেট। সর্বোচ্চ ১১টি উইকেট শিকার করেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। ৫টি করে নিয়েছেন মাশরাফি, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
শের-ই-বাংলায় আগের তিনটি ফাইনালের (২০০৯ ত্রিদেশীয় সিরিজ, ২০১২ এশিয়া কাপ, ২০১৬ এশিয়া কাপ টি-২০) দু’টিতে শিরোপা খুব কাছে গিয়েও হতাশা সঙ্গী হয়েছিল। হোম গ্রাউন্ডে কখনোই ত্রিদেশীয় সিরিজ কিংবা দু’টির বেশি টিম নিয়ে কেনো টুর্নামেন্ট জেতা হয়নি। এবার সেই অতৃপ্তি ঘোঁচাতে মরিয়া বাংলাদেশ দল।
৯ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষেই শ্বাসরুদ্ধকর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২ উইকেটে হার মানতে হয়েছিল। আরেকটি ফাইনাল মহারণে ফের প্রতিপক্ষ হয়ে সামনে লঙ্কানরা। মিরপুরে শিরোপা জেতার লড়াইয়ের চ্যালেঞ্জে শেষ হাসি কারা হাসবে কয়েক ঘণ্টা পরেই তা জানা যাবে!
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলংকা একাদশ : উপুল থারাঙ্গা, ধানুশকা গুনাথিলকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, দুশমন্ত চামিরা ও শেহান মাদুশঙ্কা।

 

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...