Don't Miss
Home / জাতীয় / ১৫.১ ওভারেই শেষ বাংলাদেশ-পাকিস্তান ওডিআই ম্যাচ, ৮ উইকেটের জয় বাংলাদেশের

১৫.১ ওভারেই শেষ বাংলাদেশ-পাকিস্তান ওডিআই ম্যাচ, ৮ উইকেটের জয় বাংলাদেশের

খেলাধুলা প্রতিবেদক

ইফতারের জন্য নির্ধারিত ছিল ৪০ মিনিটের বিরতি। তবে বাংলাদেশ দলের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ভেবেছিলেন ভিন্ন কিছু। বিরতিতে না গিয়ে ম্যাচ জিতেই ইফতার টেবিলে বসার লক্ষ্য ছিল তাদের। সেই লক্ষ্যেই ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে কার্যত টি–টোয়েন্টি ধাঁচের ব্যাটিং করেন এই দুই ব্যাটার। ফলাফল—মাত্র ১৫.১ ওভারেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নেয় বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট তুলে নেন এই তরুণ পেসার। তার আগুনঝরা বোলিংয়ে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান—বাংলাদেশের বিপক্ষে যা তাদের সর্বনিম্ন স্কোর।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায়। দলীয় ২৭ রানের মাথায় ১০ বলে ৪ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন তিনি। তার ক্যাচটি নেন শামিল হুসাইন।

এরপর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত গড়ে তোলেন ৮২ রানের দুর্দান্ত জুটি। তাদের আক্রমণাত্মক ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন কোনো টি–টোয়েন্টি ম্যাচ চলছে। মূলত ইফতারের আগেই ম্যাচ শেষ করার লক্ষ্যেই দ্রুত রান তুলছিলেন তারা।

তবে জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে বিদায় নেন শান্ত। মোহাম্মদ ওয়াসিমের বাউন্সারে ব্যাটের কানায় লেগে বল উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়ে। ৩৩ বলে ২৭ রান করে আউট হন তিনি।

এরপর লিটন দাস মাঠে নেমে ৬ বলে ৩ রান করে অপরাজিত থাকেন এবং বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে ৮ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ। হাতে তখনও বাকি ছিল ৩৪.৫ ওভার (২০৯ বল)। ফলে দুই দল মিলে ১০০ ওভারের ম্যাচ শেষ হয় মাত্র ৪৫.৫ ওভারে।

অন্যপ্রান্তে দারুণ ছন্দে ছিলেন তানজিদ তামিম। তিনি ৪২ বলে ৫ ছক্কা ও ৭ চারে অপরাজিত ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।

তবে ম্যাচসেরা নির্বাচিত হন নাহিদ রানা, তার দুর্দান্ত ৫ উইকেটের পারফরম্যান্সের জন্য।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...