Don't Miss
Home / হোম স্লাইডার / আদালতের নির্দেশে ১৭ দিন পর চালু সিটিসেল

আদালতের নির্দেশে ১৭ দিন পর চালু সিটিসেল

এমএনএ অর্থনীতি রিপোর্ট : আদালতের নির্দেশে আজ রবিবার সন্ধ্যায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম আবার শুরু হয়েছে। সিটিসেলের জন্য বরাদ্দ তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করায় আবার কার্যক্রম চালানো শুরু করে প্রতিষ্ঠানটি। ১৭ দিন পর চালু হলো সিটিসেল।

বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক (এনফোর্সমেন্ট) ইয়াকুব আলী ভুইয়া বলেন, সিটিসেলের তরঙ্গ সন্ধ্যায় খুলে দেওয়া হয়েছে। আজ থেকে তারা কার্যক্রম চালাতে পারবে।

এর আগে গত বৃহস্পতিবার অপারেটরটির বন্ধ হওয়া তরঙ্গ অবিলম্বে পুনর্বহাল করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। সেই নির্দেশ অনুযায়ী বিটিআরসি এ ব্যবস্থা নিল।

আদালতের নির্দেশ অনুযায়ী তরঙ্গ ফেরত পেতে হলে ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে ১০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তাদের তরঙ্গ আবার বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।

citycellদেনার দায়ে গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। বিটিআরসির ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে সিটিসেল গত ২৪ অক্টোবর উচ্চ আদালতে আবেদন করে। সেদিন আদালত বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

আদালতের ওই আদেশের পর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে বলে সেদিন জানিয়েছিলেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা-ই-রাব্বী খন্দকার। কিন্তু সেই প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে পুরো তিন দিন।

এর ব‌্যাখ‌্যায় টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম দুপুরে সাংবাদিকদের বলেন, তরঙ্গ খুলে দিতে হলে কয়েকটি পর্যায় এবং টেকনিক্যাল কিছু কাজ আমাদের করতে হয়। বিটিআরসি সেটি শুরু করেছে, যা একটু সময় সাপেক্ষ এবং সেটার জন্য একটু সময় লাগছে।

ঘটনার ফ্ল্যাশ ব্যাক :

# পৌনে পাঁচশ কোটি টাকা বকেয়া পরিশোধের জন‌্য কয়েক দফা তাগাদা দিয়েও তা না পেয়ে গত জুলাই মাসে সিটিসেলের কার্যক্রম বন্ধ করার উদ‌্যোগের কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরের মাসে সিটিসেলকে নোটিস দেওয়া হয়।

# ওই নোটিসের বিরুদ্ধে সিটিসেল হাইকোর্টে যায়। ২২ অগাস্ট হাইকোর্টের আদেশে বলা হয়, নোটিসের জবাব দিতে বিটিআরসি যে এক মাস সময় দিয়েছিল, ওই সময় পর্যন্ত সিটিসেলকে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।

# হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় বিটিআরসি। ২৯ অগাস্ট আপিল বিভাগের আদেশে দেনা শোধের জন‌্য সিটিসেলকে দুই মাস সময় দেয় আপিল বিভাগ। বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, বকেয়া ৪৭৭ কোটি টাকার মধ‌্যে দুই তৃতীয়াংশ প্রথম এক মাসে এবং এক তৃতীয়াংশ পরবর্তী এক মাসে পরিশোধ করতে হবে।

এছাড়া ১৭ অগাস্টের পর থেকে প্রতিদিন বিটিআরসির কাছে পাওনা হওয়া ১৮ লাখ টাকা করে অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়ে আদালত বলে, টাকা না পেলে বিটিআরসি যে কোনো পদক্ষেপ নিতে পারবে।

# ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করে বিটিআরসি। মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে সেই নির্দেশনা বাস্তবায়ন করেন বিটিআরসি কর্মকর্তারা।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সেদিন জানান, একমাসের প্রথম কিস্তিতে নির্ধারিত ৩১৮ কোটি ৪২ লাখ টাকার মধ‌্যে সিটিসেল মাত্র ১৩০ কোটি টাকা পরিশোধ করেছে।

citycell-logo

# এরপর সিটিসেল তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে যায়। শুনানি শেষে আদালত ৩ নভেম্বর আদেশের দিন রাখে। ৩ নভেম্বর সিটিসেলের তরঙ্গ খুলে দিতে বলা হয়।

# ৩ নভেম্বরের শুনানিতে বিটিআরসি তাদের দাবির পরিমাণ কমিয়ে ৩৯৭ কোটি টাকায় নিয়ে আসে। কিন্তু ওই অংক নিয়েও সিটিসেল আপত্তি তোলে। এই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় কিস্তিতে সিটিসেলকে কত টাকা দিতে হবে তা নির্ধারণ করে দেয় আদালত। বলা হয়, ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল ১০০ কোটি টাকা না দিলে বিটিআরসি আবার তরঙ্গ বন্ধ করে দিতে পারবে।

# তিন দিনেও তরঙ্গ ফিরে না পেয়ে আজ রবিবার ফের আদালতে যায় সিটিসেল। তাদের আবেদনের শুনানি করে এ বিষয়ে বিটিআরসির ব্যাখা জানতে চায় আপিল বিভাগ। পরে বিটিআরসির পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার প্রক্রিয়া তারা ইতোমধ‌্যে শুরু করেছে।

১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় বাংলাদেশ টেলিকম লিমিটেড (বিটিএল), যা পরে মালিকানার হাতবদলে সিটিসেলে পরিণত হয়।

সর্বশেষ তথ‌্য অনুযায়ী, এ কোম্পানির ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড।

এছাড়া সিঙ্গাপুরের সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট লিমিটেড এর ৪৫ শতাংশ এবং ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক।

ট্যাগ : আদালতের, নির্দেশে, ১৭ দিন, পর, চালু, সিটিসেল
x

Check Also

রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোর থেকে অপেক্ষায় চালকরা হতাশ, কমেছে আয়

বিশেষ প্রতিনিধি রাজধানীর আসাদগেট এলাকার তালুকদার ফিলিং স্টেশনের সামনে শুক্রবার ছুটির দিনেও তেলের দীর্ঘ লাইনের ...