এমএনএ প্রতিবেদক
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের শনিবার (১৪ মার্চ) পুনরায় সিটিস্ক্যান করানো হবে।
হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, তার মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি। তবে সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও তাকে বিদেশে নেওয়া যাবে কি না, তা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড তার পরিবারের সদস্যদের বিস্তারিত পরিস্থিতি অবহিত করেছে। একই সঙ্গে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসকরা।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবীণ এই নেতার সুস্থতা কামনা করেছেন। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”
এদিকে মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস সাংবাদিকদের জানান, তার বাবার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে।
শুক্রবার বিকালে তার প্রথম দফা অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং একই রাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দুটি অস্ত্রোপচারই সফল হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিন জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখতে যান। এ সময় মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করে।
এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। তবে অসুস্থতার কারণে সংসদের উদ্বোধনী অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি।
এদিকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

