Don't Miss
Home / আজকের সংবাদ / কুয়েতের তেল শোধনাগার-রপ্তানি কেন্দ্রে ড্রোন হামলা, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ধ্বংস, পরিস্থিতির উন্নয়নে রাশিয়ার আগ্রহ

কুয়েতের তেল শোধনাগার-রপ্তানি কেন্দ্রে ড্রোন হামলা, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ধ্বংস, পরিস্থিতির উন্নয়নে রাশিয়ার আগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে কুয়েত সিটি থেকে প্রায় ২৮ মাইল দক্ষিণে অবস্থিত মিনা আল-আহমাদি শোধনাগারটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের বরাতে রয়টার্স ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হামলার ফলে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশের আকাশসীমায় প্রবেশ করা শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির টেলিগ্রাম পোস্টে বলা হয়, বিমানটি মধ্য ইরানের আকাশসীমা অতিক্রম করার সময় গুলি করে নামানো হয় এবং তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পাইলটের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি। মেহের নিউজ এজেন্সির দাবি, বিধ্বস্ত হওয়ার সময় তীব্র বিস্ফোরণ ঘটায় পাইলটের বেরিয়ে আসার সুযোগ ছিল না।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে ইরানের এমন দাবিকে অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে রাশিয়া সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট দ্রুত সমাধানের মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে।

x

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে, মত মার্কিন আইন বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক ডেস্ক ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে—এমন উদ্বেগ ...