Don't Miss
Home / জাতীয় / জামায়াতে ইসলামীর আমিরের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
জামায়াতে

জামায়াতে ইসলামীর আমিরের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ‘ইতিবাচক রাজনীতি’র বার্তা দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে একটি সুস্থ ও ইতিবাচক ধারার রাজনীতি সূচনার অংশ হিসেবে তারেক রহমান আজ সন্ধ্যায় জামায়াত আমিরের বাসায় যান। সেখানে দুই দলের শীর্ষ নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট বিশাল জয় পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীও এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে জয়লাভ করে সংসদীয় ইতিহাসে নিজেদের সেরা ফলাফল অর্জন করেছে।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে তারেক রহমানের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

x

Check Also

কে হচ্ছেন শিক্ষামন্ত্রী: মিলন, ওসমান ফারুক নাকি ওবায়দুল

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতাসীন ...