এমএনএ প্রতিবেদক
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার দুপুর ১২টার পর তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রথমে এককভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত রাতে তিনি সপরিবারে জিয়া উদ্যানে গিয়ে তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

