এমএনএ প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, টিকাবিরোধী অপপ্রচার ও কুসংস্কারের কারণে দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ এবং জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি বলে তিনি মনে করেন। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
রিজভী বলেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সকলের জন্য বিশ্ব স্বাস্থ্য দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সবার জীবন’—যার মূল বার্তা হলো বিজ্ঞানের সঙ্গে থাকা। তিনি উল্লেখ করেন, বিজ্ঞানভিত্তিক চিন্তা ছাড়া সঠিক রোগ নির্ণয়, সুস্বাস্থ্য এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বর্তমানে হামের যে বিস্তার দেখা যাচ্ছে, তার পেছনে টিকাবিরোধী প্রচারণা এবং কুসংস্কার বড় ভূমিকা রাখছে। উন্নত বিশ্বেও ‘অ্যান্টি-ভ্যাকসিন’ গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে, যা সমাজে বিভ্রান্তি ও ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে।
আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে বিজ্ঞানের অর্জন উল্লেখ করে রিজভী বলেন, মহামারি বা সংক্রামক রোগ দেখা দিলে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণসহ জনগণের পাশে দাঁড়ানো জরুরি। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার সক্রিয় থাকলেও স্বাস্থ্যখাতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। গত ১৫ বছরে এই খাতে পর্যাপ্ত অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সময়েও স্বাস্থ্যখাত পর্যাপ্ত গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন।
রিজভীর দাবি, গত ১২–১৩ মার্চ থেকে এপ্রিলের মধ্যে হামে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ময়মনসিংহ বর্তমানে হামের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত। এ পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে জনগণ সরকারকে জনবান্ধব হিসেবে উপলব্ধি করতে পারে।
তিনি প্রশ্ন তোলেন, বহু পুরোনো রোগ হওয়া সত্ত্বেও হাম এখনো নির্মূল করা সম্ভব হয়নি কেন। এ বিষয়ে গবেষণার ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। দেশে বিদ্যমান মেডিকেল রিসার্চ কাউন্সিলে গবেষণার জন্য বরাদ্দ অত্যন্ত কম বলে উল্লেখ করেন রিজভী। তার মতে, দুই থেকে পাঁচ লাখ টাকার সীমিত বাজেটে গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। উপরন্তু, জার্নাল রিভিউতে ২৩ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় ব্যয় আরও বেড়ে যাচ্ছে। তিনি বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধির ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও অভিনেতা আশরাফুজ্জামান উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এবং চিকিৎসক সাগর খানসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, নার্স ও নার্সিং ইনস্টিটিউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেষে রিজভী আশা প্রকাশ করেন, দেশপ্রেমিক ও মানবকল্যাণে নিবেদিত চিকিৎসক সমাজ হামের মতো মহামারিপ্রবণ রোগ মোকাবিলায় দ্রুত, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

