এমএনএ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের ফলাফল পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আবেদন করেছেন ১১ দলীয় ঐক্যের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এ আবেদন জমা দেন।
এদিকে, অন্তত ৩৩টি আসনের ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরমধ্যে শুধু জামায়াতের পক্ষ থেকেই ৩২ আসনের ফল বিবেচনার আবেদন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আদালতের নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট এবং পরিবারের সদস্যদের মাধ্যমে ব্যাপক কারচুপি ও অনিয়ম সংঘটিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তার দাবি, ভোটগ্রহণ ও গণনার সময় বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করা এবং অনিয়মের ঘটনা ঘটে। তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার এসব অনিয়মে জড়িয়ে পড়েন এবং প্রকৃত ফলাফল উপেক্ষা করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালাসহ প্রযোজ্য নির্বাচন আইন লঙ্ঘন করে ফল ঘোষণা করা হয়েছে। তিনি পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এছাড়া তিনি মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আবেদনে ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনা, আইনানুগভাবে বাতিল ঘোষিত ভোট পুনর্বিবেচনা এবং নতুন করে ফল প্রকাশের অনুরোধ জানানো হয়। পুনর্গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের শপথ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্যও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অভিযোগপত্রে ঢাকা-৮ আসনের ১১টি কেন্দ্রের বিভিন্ন অনিয়মের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন রাজনৈতিক অঙ্গনে নজর রয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

