Don't Miss
Home / হোম স্লাইডার / তরুণ ভোটারদের মাঝে প্রথম ভোট দেয়ার অবারিত উচ্ছাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

তরুণ ভোটারদের মাঝে প্রথম ভোট দেয়ার অবারিত উচ্ছাস

এমএনএ ফিচার ডেস্কঃ সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে যারা এবারই জীবনের প্রথম ভোট দিচ্ছেন, তাদের মাঝে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস।

প্রথমবার ভোট দিয়েছে একই পরিবারের পাঁচ তরুণ ভোটার মাহিম, রাহাত, নোভা, অঙ্কন ও ইফতি। তারা সবাই ঢাকা-৮ আসনের ভোটার, সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। নোভা জানান, প্রথম ভোট দেয়ার উত্তেজনায় রাতে ঘুমাতেই পারেনি সে। সকাল সকাল ঘুম থেকে উঠেই মাকে নিয়ে ভোট দিয়ে এসেছেন প্রিয় প্রার্থীকে। তার প্রত্যাশা, এই ভোট দেশের জন্য নতুন সূর্যোদয়ের বার্তা বয়ে আনবে।

বাকিরা আগের রাতে এলাকায় ঘুরে বেরিয়ে ভোটের প্রস্তুতি দেখে আনন্দময় সময় কাটিয়ে খুব সকালে উঠতে পারেনি, তবে দুপুরের আগেই শেষ করেছে ভোট দেয়ার কাজ।

রাহাত বলেন, নতুন এক বাংলাদেশ দেখার আশা নিয়ে ভোট দিয়েছেন তিনি। জীবনের এই মুহূর্তটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।

মাহিম জানায়, জুলাই অভ্যুত্থানের পর এই নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা জনমুখী রাজনীতি করবে সেটাই তার প্রত্যাশা।

অঙ্কন বলেন, এবার ভোট দেয়ার পরিবেশ তার কাছে খুব সুন্দর মনে হয়েছে, ভোটকেন্দ্রেও সকলেই ছিল সহযোগিতা করার জন্য উন্মুখ, তাই ভোট দেয়াটা আরও উপভোগ্য হয়েছে।

আর ইফতি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তাই সকল দল নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দ্রুত দেশ গড়ার কাজ শুরু করবে সেটাই তার আশা।

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই তরুণদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে কেন্দ্রে এসেছেন। কেউ ভিড় এড়াতে সকালে উপস্থিত হয়েছেন, আবার কেউ প্রথম ভোটের স্মৃতি ধরে রাখতে ছবি তুলেছেন।

ভোট দিয়ে বেরিয়ে আসা তরুণদের কণ্ঠে ছিল সন্তুষ্টি ও আশাবাদ।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রথমবারের ভোটাররা নিয়মকানুন জানতে আগ্রহী ছিলেন এবং ধৈর্য সহকারে প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

x

Check Also

জামায়াতে

জামায়াতে ইসলামীর আমিরের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ‘ইতিবাচক রাজনীতি’র বার্তা দিতে বাংলাদেশ ...