এমএনএ প্রতিবেদক
চলমান নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ গড় হিসাব নির্ধারণ করা হয়েছে। দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। গ্রামীণ জনপদে ভোটার উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কোনো কেন্দ্রেই ভোট বন্ধ হয়নি। কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে।
তিনি আরও বলেন, বড় কোনো নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করছেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কোথাও উত্তেজনার খবর পাওয়া গেলে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা গেছে এবং বিকেল পর্যন্ত এই উৎসাহ বজায় থাকবে বলে তারা আশা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শনের পর তিনি জানান, ইইউ একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। সারাদেশে মোতায়েন পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রতিবেদন পাওয়া যাচ্ছে এবং মিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কেবল নির্বাচন পর্যবেক্ষণ করছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

