Don't Miss
Home / জাতীয় / নবীন-প্রবীনদের সমন্বয়ে নতুন সরকার গঠনের পথে বিএনপি, জোর আলোচনা
বিএনপি

নবীন-প্রবীনদের সমন্বয়ে নতুন সরকার গঠনের পথে বিএনপি, জোর আলোচনা

এমএনএ  প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আবারও সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন—এমনটাই দলীয় সূত্রে জানা গেছে। এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় নতুন মন্ত্রিসভার সম্ভাব্য গঠন ও সদস্যদের নাম।

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, নতুন মন্ত্রিসভা গঠনে অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ ও মেধাবী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হবে। বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় না-ও দেখা যেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আবদুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়–এর নাম আলোচনায় রয়েছে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান–কে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে বলে জানা গেছে। তিনি এবারের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন এবং দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু–এর নামও সম্ভাব্য মন্ত্রীর তালিকায় রয়েছে। তাঁদের নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় দেখা যেতে পারে।

বিগত যুগপৎ আন্দোলনের সময় ‘জাতীয় সরকার’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সেই ধারাবাহিকতায় শরিক দলগুলোর প্রতিনিধিদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে।

গণসংহতি আন্দোলন–এর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)–এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ–এর নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া মিত্র দলের হয়ে বিএনপির প্রতীকে নির্বাচন করে বিজয়ী হওয়া শাহাদাত হোসেন সেলিম ও ববি হাজ্জাজ–এর নামও সম্ভাব্য তালিকায় আছে বলে জানা গেছে।

দলীয় সূত্রগুলো বলছে, এবারের মন্ত্রিসভায় ১০ থেকে ১৫ জন তরুণ নেতা জায়গা পেতে পারেন। পঞ্চগড়, সিলেট, নোয়াখালী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।

নারী নেতৃত্বের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের স্থায়ী কমিটির নারী সদস্যসহ মানিকগঞ্জ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের কয়েকজন সংসদ সদস্যের নাম বিবেচনায় রয়েছে।

সংখ্যালঘু ও পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য একজন অবসরপ্রাপ্ত সচিবের নাম বিবেচনায় রয়েছে, যিনি দীর্ঘদিন ধরে দলের নীতি-গবেষণার সঙ্গে যুক্ত। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য অতীতে দায়িত্ব পালন করেছেন—এমন অভিজ্ঞ ব্যক্তির নামও আলোচনায় আছে।

মন্ত্রিসভা খুব বড় না করার চিন্তা থাকলেও প্রধানমন্ত্রীর কার্যালয় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একাধিক উপদেষ্টা ও বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হতে পারে। তথ্যপ্রযুক্তি, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে।

নতুন সংসদ ও সরকার ঘিরে দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটতে পারে শিগগিরই।

কক্সবাজার-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, “নতুন মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে, তা দেখতে দেশবাসীকে আর অল্প সময় অপেক্ষা করতে হবে।”

x

Check Also

জামায়াতে

জামায়াতে ইসলামীর আমিরের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ‘ইতিবাচক রাজনীতি’র বার্তা দিতে বাংলাদেশ ...