সংসদ প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপু-র টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে ধাপে ধাপে জনবল বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন ডেন্টাল সার্জন রয়েছেন।
এছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) এবং ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে ১৬২ জন সহকারী সার্জন (এমবিবিএস) নিয়োগ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সে লক্ষ্যে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন ক্যাটাগরিতে বড় পরিসরে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি থাকায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং কর্মপরিবেশ নিশ্চিত করাও সমানভাবে জরুরি বলে তারা মনে করছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

