প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন আর নেই
Posted by: News Desk
December 17, 2019
এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৩ মিনিটে তার মৃত্যু হয়ে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে।
তার ভাগনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদভী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তার মরদেহ আনার বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর তদারকি করছে বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে এ শোক জানান তিনি।
অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২১ নভেম্বর থেকে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বলেন, আগামীকাল বুধবার বিকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জয়নুল আবেদীনের মরদেহ দেশে আসবে।
সামরিক সচিব প্রধানমন্ত্রীর আর নেই জয়নুল আবেদীন 2019-12-17