ভিন্ন স্বাদের মজাদার কড়াই চিকেন
Posted by: News Desk
March 15, 2020
এমএনএ ফিচার ডেস্ক : আজকের রান্নায় রেসিপি হবে ভিন্ন স্বাদের মজাদার কড়াই চিকেন। একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ নিতে ঘরেই বানিয়ে নিন এটি।
প্রায় বাসাতেই মুরগির মাংস নিত্যদিনের আইটেম। প্রতিদিন একই রকম রান্না খেতে কারোরই ভালো লাগে না। এই মুরগীর মাংসটাকেই নিত্যদিনের মশলা দিয়ে একটু ভিন্নভাবে রান্না করা গেলে দারুণ হতো, তাই না? সাধারণত রেস্টুরেন্টগুলোতে কড়াই গোশত বা কড়াই চিকেন কিনতে পাওয়া যায়। সাধারণ ঘরে থাকা মশলা দিয়ে এই কড়াই চিকেন তৈরি করা সম্ভব। কীভাবে? উপায় বলে দিচ্ছেন রন্ধনশিল্পী- মোশরেকা মৌরী।
উপকরণসমূহঃ
১/২ কেজি মুরগির মাংস,
কড়াই মশলা তৈরির জন্য যা যা লাগবে-
৬টি লাল শুকনো মরিচ, ১ টেবিল চামচ ধনিয়া, ১/২ চা চামচ গোল মরিচ, ১ চা চামচ জিরা, ১/২ চা চামচ মৌরি, ৪টি লবঙ্গ।
কড়াই চিকেনের জন্য যা যা লাগবে-
তেল পরিমান মতো, ২টি তেজপাতা, ১টি দারুচিনি, ২টি শুকনো মরিচ, ২টি পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, ১ টেবিল চামচ কাসমেরি মরিচের গুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১টি টমেটো কুচি, ১/৪ কাপ পানি, ১ টেবিল চামচ কাজুবাদামের পেস্ট, ১/২টা ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, লবণ পরিমান মতো।
প্রস্তুত প্রণালী:
১। প্রথমে মশলা তৈরির জন্য, লাল শুকনো মরিচ, ধনিয়া, গোল মরিচ, জিরা, মৌরি, লবঙ্গ মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাজুন। কিছুটা গন্ধ বের হয়ে এলে নামিয়ে ফেলুন। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন।
২। চুলায় প্যানে তেল গরম হয়ে এলে এতে তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ দিয়ে দিন। এরপর এতে পেঁয়াজ কুচি, লবণ দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেঁয়াজ বাদামী হয়ে এলে এতে আদা রসুনের পেস্ট, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিন।
৩। সবগুলো উপাদান মিশে গেলে এতে টমেটো এবং পানি দিয়ে দিন। মশলা কিছুটা রান্না হয়ে এলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট রান্না করুন।
৪। মাংস সিদ্ধ হয়ে এলে এতে কাজুবাদাম পেস্ট, ক্যাপসিকাম কুচি দিয়ে কয়েক মিনিট রান্না করুন। ক্যাপসিকাম নরম হয়ে এলে এতে কড়াই মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
৫। ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন মজাদার কড়াই চিকেন।
ভিন্ন স্বাদের কড়াই চিকেন মজাদার 2020-03-15