Don't Miss
Home / প্রশাসন / ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী

ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: প্রধানমন্ত্রী

এমএনএ  প্রতিবেদক

জনগণের রায়ে সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই বিএনপি সরকার ধারাবাহিকভাবে প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা মানুষের কাছে সম্মানিত এবং সংকটময় সময়ে মানুষ তাদের কাছ থেকেই দিকনির্দেশনা প্রত্যাশা করে। অনুষ্ঠানে মসজিদের ইমাম-খতিব, মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন।

তিনি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বৈষম্য কমানোই সরকারের প্রধান লক্ষ্য। জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিতরণ করা হবে। এছাড়া আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড চালু হবে। একই সঙ্গে ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে। এদিন থেকেই ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেই একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী বা অপশক্তি জনগণের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের দুর্বল করে রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে রাষ্ট্র সব দিক থেকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় স্কলার ও ধর্মীয় নেতা অংশ নেন।

x

Check Also

জ্বালানী সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে আইডিবির ঋণ খুঁজছে সরকার

অর্থনৈতিক প্রতিবেদক দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)–এর দ্বিতীয় ইউনিট নির্মাণে ...