Don't Miss
Home / আজকের সংবাদ / ভোট সুষ্ঠু হলে রায় মেনে নেবো: ডা. শফিক
Untitled design - 1

ভোট সুষ্ঠু হলে রায় মেনে নেবো: ডা. শফিক

এমএনএ প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের যে রায়ই আসুক, তা তিনি মেনে নেবেন এবং অন্যদেরও তা মেনে নেওয়া উচিত। “এটাই গণতন্ত্রের সৌন্দর্য,” বলেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। “আমিও ছিলাম। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি। তিনটি নির্বাচন হারানোর পর আল্লাহ আজ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন,”—যোগ করেন তিনি।

তিনি বলেন, শুধু তিনি নন, বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই জীবনে একটি ভোটও দিতে পারেনি। তারা দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিল। তিনি আশা প্রকাশ করেন, এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত হবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে।

আগামী সরকার সম্পর্কে তিনি বলেন, “এমন সরকার গঠিত হোক, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়; বরং ১৮ কোটি মানুষের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।”

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা ঘর থেকে বেরিয়ে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হোন।”

ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “আমি আপাতত আমার কেন্দ্রেই ভোট দিয়েছি। বাকি কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং সারা দেশের খবর নেব। ছোটখাটো বিষয় হলে আমরা তা উপেক্ষা করব, কিন্তু বড় কোনো অনিয়ম হলে ছাড় দেব না। মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হোক—এটা আমরা কোনোভাবেই চাই না।”

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, “মিডিয়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ গড়ার কাজে আমরা গণমাধ্যমকে পাশে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করতে চাই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একই সংবাদ বিভিন্ন মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে। “কেউ যদি অপরাধ করে থাকে—সে আমি হলেও—আমি অপরাধের বিপক্ষে। কিন্তু যা অপরাধ নয়, সেটিকে জোর করে অপরাধ বানানো আরও বড় অপরাধ।”

x

Check Also

পরীক্ষা, মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে: ঈদের পর শিক্ষা রোডম্যাপ

এমএনএ প্রতিবেদক দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে নতুন সরকার। পরীক্ষা ও মূল্যায়ন ...