এমএনএ প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সংঘটিত মব জাস্টিসের ঘটনাগুলো নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে এবং তা আরও শক্তিশালী করা হবে।
বুধবার সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গত দেড় বছরে মব জাস্টিসের ঘটনা বেড়েছে— এ প্রসঙ্গে তিনি বলেন, এসব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবর্তন, গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের অধীনে সময় পার করার কারণে কিছু অস্থিরতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারের গঠন নিজেই একটি গুরুত্বপূর্ণ অর্জন।
সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ কী— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের পুনর্গঠনই বর্তমান সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়াই মন্ত্রিসভার অঙ্গীকার।
তিনি বলেন, গণতন্ত্র সরকারের প্রধান ভিত্তি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সরাসরি তৃণমূল জনগণের সঙ্গে সম্পৃক্ত। অতীতে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে বলে জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর— এমন দাবির বিষয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি অতটা খারাপ নয়। তার ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে। ব্যাংকিং খাতও আগের তুলনায় নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তিনি। সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।
‘আওয়ামী লীগবিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, জাতীয় ও আন্তর্জাতিক মহলে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
আওয়ামী লীগ সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিকভাবে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা সম্পন্ন করেছে এবং সে জন্য তাদের কৃতিত্ব দেওয়া উচিত।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

