এমএনএ প্রতিবেদক
জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবস শুরু করেছেন তারেক রহমান। বুধবার সকালে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে তিনি সচিবালয়ে যাবেন। বিকেলে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তার।
এর আগে মঙ্গলবার তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে নতুন সরকারের মন্ত্রীরা এবং প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
এর মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়। জোটের শরিক দলগুলো পায় আরও তিনটি আসন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

