গাজীপুর প্রতিনিধি
সাংবাদিক আনিস আলমগীর আদালত থেকে জামিন পাওয়ার দুই দিন পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–২–এর জেল সুপার মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার আনিস আলমগীরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই–বাছাই শেষে শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা কারাগারে উপস্থিত ছিলেন।
এর আগে ১১ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।
গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশ–এর গোয়েন্দা বিভাগ। পরদিন তাঁকে উত্তরা পশ্চিম থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। একই মামলায় ৫ মার্চ উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এদিকে গত ১৫ জানুয়ারি তাঁর বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক, যা আদালত মঞ্জুর করেন। পরে ওই মামলাতেও তিনি জামিন লাভ করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

