Don't Miss
Home / আজকের সংবাদ / পাকিস্তানে ইরানের সঙ্গে দ্রুতই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে ট্রাম্পের দাবি

পাকিস্তানে ইরানের সঙ্গে দ্রুতই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে “আজই” একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক মারিয়া বার্টিরোমোর সঙ্গে এক ফোনালাপে তিনি এ তথ্য জানান।

তবে ওই ফোনালাপ ঠিক কখন অনুষ্ঠিত হয়েছে, কিংবা ট্রাম্প “আজ” বলতে কোন নির্দিষ্ট সময়কে বোঝাতে চেয়েছেন—তা স্পষ্ট নয়। একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনও চুক্তি না হয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হতে পারে।

অন্যদিকে, ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি ইরান। পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনায় আগ্রহী হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে, গত রোববার ট্রাম্প ঘোষণা করেছিলেন যে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদ সফর করবে। এই দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

উল্লেখ্য, ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর প্রথমবারের মতো গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করে। তবে সেই বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামাবাদে সম্ভাব্য নতুন দফার আলোচনার অনিশ্চয়তার মধ্যেই এই যোগাযোগ অনুষ্ঠিত হয়।

x

Check Also

কাল শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮.৫৮ হাজার শিক্ষার্থী

এমএনএ প্রতিবেদক আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল ...