Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস আজ

আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস আজ

এমএনএ রিপোর্ট : আজ রবিবার ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।
জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক জীবনসহ প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এই দিবসের লক্ষ্য।
দিবসটি উদযাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচির তথ্য তুলে ধরেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জানান, আগামীকাল ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এমপি। অনুষ্ঠানে ৩টি বিশেষ ক্যাটাগরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হবে।
ক্যাটাগরিগুলো হচ্ছে- (ক) সফল প্রতিবন্ধী ব্যক্তি, (খ) প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন সফল ব্যক্তি এবং (গ) প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন সফল প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ সচিব জিল্লার রহমান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...