Don't Miss
Home / হোম স্লাইডার / অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এমএনএ প্রতিবেদক

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি একই সঙ্গে নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ অবশ্যই তদন্তের আওতায় আনা হবে। তবে বর্তমানে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। কমিশন পুনর্গঠিত হওয়ার পর তাদের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও বলেন, শুধু অতীতের অভিযোগ নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

দুর্নীতি দমনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং প্রশাসনের ভেতরেও কোনো অনিয়ম হচ্ছে কি না, তা নজরদারির আওতায় রাখা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ যানবাহনকে অবশ্যই নিয়মের মধ্যে আনতে হবে। বিষয়টি শুধু বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে সম্পর্কিত নয়, বরং সড়ক নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে যুক্ত। তিনি উল্লেখ করেন, অনেক অটোরিকশা চালক প্রশিক্ষণপ্রাপ্ত নন এবং অনেক যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ। আগে এসব যানবাহন মূলত অলিগলিতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে প্রধান সড়কেও চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, অনিয়মিত চালনা ও অযোগ্য যানবাহনের চলাচল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে এবং প্রয়োজনীয় নীতিমালা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যাংক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আগের সরকারের সময়ে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়েছে। তবে বর্তমান সরকার ইতোমধ্যে এই খাত পুনর্গঠনের কাজ শুরু করেছে। তিনি বলেন, ব্যাংকিং খাত অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এখানে হঠাৎ বড় ধরনের পরিবর্তন আনা হলে আস্থার সংকট তৈরি হতে পারে। তাই ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। যারা শুরু থেকেই ঋণ পরিশোধের ইচ্ছা রাখে না, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজস্ব আয় বৃদ্ধি নিশ্চিত করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

x

Check Also

টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কারের কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: রিজভী

এমএনএ প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, টিকাবিরোধী ...