Don't Miss
Home / বিশেষ প্রতিবেদন / আইসিটিতে সিসিটিভি ফুটেজ গায়েব, কম্পিউটারের হার্ডড্রাইভ পরিবর্তনের অভিযোগ

আইসিটিতে সিসিটিভি ফুটেজ গায়েব, কম্পিউটারের হার্ডড্রাইভ পরিবর্তনের অভিযোগ

আদালত প্রতিবেদক

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া জোরদার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর প্রসিকিউশন পুনর্গঠন করা হলেও, শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়ছে সংশ্লিষ্ট টিম। দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা পরিচালনার সময় এসব বিতর্ক আরও প্রকট হয়ে উঠেছে।

এরই মধ্যে পূর্বের অভিযোগগুলোর তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হলেও নতুন করে সামনে এসেছে গুরুতর অনিয়মের অভিযোগ—যার মধ্যে রয়েছে সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া এবং কম্পিউটারের হার্ডড্রাইভ পরিবর্তনের তথ্য।

আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানোর মামলায় অভিযুক্ত এক ব্যক্তির পরিবারের সদস্যের বিরুদ্ধে প্রসিকিউটরের কক্ষে টাকার ব্যাগ নিয়ে প্রবেশের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন প্রসিকিউশন টিমেরই এক সদস্য।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসিকিউশন টিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়িয়ে পড়ার পর গত ১০ মার্চ চিফ প্রসিকিউটর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটি পুনর্গঠনের পর থেকে এ পর্যন্ত সংঘটিত সব অভিযোগ খতিয়ে দেখার কথা জানায়।

তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের ১৩ অক্টোবরের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে দেখা যায়, ওই দিনের ভিডিও হার্ডড্রাইভে সংরক্ষিত নেই। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসিকিউশনের এক সদস্য জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া ফুটেজ উদ্ধার করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট সিস্টেমে থাকা হার্ডড্রাইভগুলো পরিবর্তন করা হয়েছে, যার প্রমাণ সিসলগ ও রেজিস্ট্রার নথিতে মিলেছে।

তবে বিষয়টি এখনও তদন্তাধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত কমিটি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়।

অন্যদিকে, আরেক প্রসিকিউটর দাবি করেন, সিসিটিভি ফুটেজ সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিটি এখনও কাজ শুরু করেনি এবং এ বিষয়ে কোনো দায়িত্বও কাউকে দেওয়া হয়নি। তার মতে, এ নিয়ে দেওয়া কিছু বক্তব্য ব্যক্তিগত এবং চলমান অনুসন্ধানের জন্য তা অনভিপ্রেত।

চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সব অভিযোগই তদন্তাধীন এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা সামনে আসবে।

x

Check Also

ঈদযাত্রায় সড়কে মৃত্যুমিছিল: ১৫ দিনে ২৯৮ প্রাণহানি, চট্টগ্রামে সর্বোচ্চ দুর্ঘটনা

এমএনএ প্রতিবেদক ঈদুল ফিতরকে ঘিরে দেশের সড়কপথে আবারও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা ...