আদালত প্রতিবেদক
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর নিয়োগ আদেশ বাতিল করে অব্যাহতি দেওয়া হলো এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আবুল হাসানকে ২০২৪ সালের ২৮ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সংবাদমাধ্যমকে জানান, আবুল হাসানের বিরুদ্ধে একজন বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি একটি মামলার স্থগিতাদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়ে টাকা গ্রহণ করেছিলেন।
এর আগে ২ এপ্রিল সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছিলেন। তারা ও আবুল হাসান সবাই অন্তর্বর্তী সরকারের সময়, ২০২৪ সালের ২৮ আগস্ট এএজি পদে নিয়োগপ্রাপ্ত ছিলেন।
বর্তমানে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ২৩০ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

