এমএনএ খেলাধুলা দেস্কঃ আর মাত্র পাঁচ দিনের দুরত্বে রয়েছে বিশ্বকাপ ফুটবল। এবারের আসর বসছে কাতার। এরইমধ্যে সকল আয়োজন সম্পন্ন করেছে দেশটি। একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মাঠে বল গড়ানোর অপেক্ষায় আছেন সবাই।
প্রতিবারই উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয় বিশ্বের জনপ্রিয় শিল্পীদের। এবার সেখানেই বাঁধল বিপত্তি। আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে এবারের বিশ্বকাপ বর্জন করেছেন হিপ হপ পপ তারকা ডুয়া লিপা।
সম্প্রতি বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ তারকা ডুয়া লিপা। এ খবর প্রকাশ পেতেই সরব হয়েছেন ডুয়া লিপা। জানিয়েছেন, শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্কের ব্যাপারে দেশটির সিদ্ধান্তের কারণে কাতারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না তিনি।
এ প্রসঙ্গে ডুয়া লিপা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করব, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছি না, আর এ নিয়ে তাদের সঙ্গে আমার কোনো দর–কষাকষিও হয়নি।’
এ সময় কাতার প্রসঙ্গ নিজের মতামত ব্যক্ত করে তিনি বলেন, ‘দূর থেকে ইংল্যান্ডকে সমর্থন করে যাব। কাতারে যখন মানবাধিকার নিশ্চিত হবে, সত্যিই বিশ্বকাপের আয়োজক হওয়ার যোগ্যতা অর্জন করবে, তখন কাতারে যাওয়ার কথা ভাবব।’
বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই বিতর্ক পিছু নিয়েছে কাতারের। নেপথ্যে রয়েছে নারী ও বিদেশি শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্কের বিষয়ে দেশটির নিজস্ব অবস্থান।
এর আগে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পায় কাতারে বিশ্বকাপের স্টেডিয়াম, মেট্রোরেল, রাস্তা ও হোটেল নির্মাণের সঙ্গে যুক্ত সাড়ে ছয় হাজার শ্রমিক মারা গেছেন। তবে বরাবরই এ প্রতিবেদন অস্বীকার করে আসছে দেশটি। এছাড়া সমলিঙ্গের সম্পর্কও সেখানে শাস্তিযোগ্য অপরাধ। এসব কারণে শুধু ডুয়া নন আরও অনেক তারকাই বর্জন করছেন কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের এবারের আসর।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

