Don't Miss
Home / জাতীয় / দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব: মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দিয়ে নাসিমুল গণি

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব: মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দিয়ে নাসিমুল গণি

এমএনএ প্রতিবেদক

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেয়ে নাসিমুল গণি বলেছেন, দেশের এক যুগসন্ধিক্ষণে তার “দুর্বল কাঁধে” বিশাল দায়িত্ব এসেছে এবং তিনি সাধ্যমতো সেই ভার বহনের চেষ্টা করবেন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। দুপুর সোয়া ১টায় তিনি সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে নতুন পদে যোগ দিতে আসেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।”

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব পেলেন। সুষ্ঠু নির্বাচন পরিচালনার কারণে তাকে এ পদ দেওয়া হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্তব্য নেই।”

দায়িত্ব গ্রহণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।”

নতুন মন্ত্রিসভা নিয়ে প্রস্তুতি

নতুন মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় রয়েছেন। মঙ্গলবার দুই দফায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে— প্রথমে সংসদ সদস্য হিসেবে, পরে সংস্কারসংক্রান্ত শপথ। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, “মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিতে ক্যাবিনেট ডিভিশন কাজ করছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে জানানো হবে।”

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশের বিষয়ে তিনি বলেন, এটি নতুন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মন্ত্রিসভা কত সদস্যের হবে— এ প্রশ্নে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য গাড়ি, দেহরক্ষী, বাসস্থান, নিরাপত্তা এবং দপ্তর পরিচালনার প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ব্যবস্থাও নিতে হয়।

সরকার প্রস্তুত কি না— জানতে চাইলে তিনি বলেন, “সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার ফেল করে না।”

প্রশাসনিক পটভূমি

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয় তার আবেদনের পরিপ্রেক্ষিতে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট এ পদে যোগ দেন। পরবর্তীতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং একই বছরের ২৩ ডিসেম্বর সেখানে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেন। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে অবসর দেওয়া হয়।

x

Check Also

জিয়া পরিবারের মতো বিশ্বে আর যাদের পরিবার দেশ শাসন করেছেন

এমএনএ প্রতিবেদক বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার একটি গুরুত্বপূর্ণ নাম। পরিবারের প্রতিষ্ঠাতা নেতা জিয়াউর রহমান ১৯৭৭ ...