Don't Miss
Home / আজকের সংবাদ / শহর-গ্রাম উভয় এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে, স্বাস্থ্য দিবসের বাণীতে প্রধানমন্ত্রী

শহর-গ্রাম উভয় এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে, স্বাস্থ্য দিবসের বাণীতে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরতে মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে মানবিক ও সমতাভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (৬ এপ্রিল) দেওয়া এই বাণীতে তিনি জানান, দেশের শহর ও গ্রাম উভয় এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণে।

প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে দেশব্যাপী প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী (হেলথ কেয়ারার) নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন। এর পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের দ্রুত এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চালু করা হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, চিকিৎসা ব্যয় সহনীয় রাখা, স্বাস্থ্যবিমা চালু ও ধীরে ধীরে এর বিস্তার, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং সেবাগ্রহীতা ও সেবাদাতাদের জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। এসব লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

তিনি ‘ওয়ান হেলথ’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণার ওপর গুরুত্বারোপ করে বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই সবার সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের সমন্বিত প্রয়োগ জরুরি।

প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং (এমএল)-এর মতো আধুনিক প্রযুক্তি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, টেকসই ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

তিনি আরও বলেন, সরকার ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউর’—এই নীতিতে বিশ্বাস করে। ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য এবং স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার।

বাণীর শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সততা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, সবল ও সচেতন জাতি গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এদিনের সব কর্মসূচির সফলতা কামনা করেন।

x

Check Also

টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কারের কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: রিজভী

এমএনএ প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, টিকাবিরোধী ...