কুটনৈতিক প্রতিবেদক
ভিসা–সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভিসা–সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং এসব সমস্যার বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন আরও শক্ত হয়েছে।”
শামা ওবায়েদ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার চেয়ে এখানকার কর্মকর্তারা অনেক বেশি অভিজ্ঞ। তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা থাকবে উল্লেখ করে তিনি জানান, সাম্প্রতিক বৈঠকগুলো ছিল সমন্বয় জোরদারের অংশ। অন্যান্য মন্ত্রণালয়কে সহায়তা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি চলমান প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ চালিয়ে যাবে বলে জানান প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক—উভয় পর্যায়েই সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়। রাজনৈতিক দল, মত ও ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশকে এবার ভিন্ন দৃষ্টিতে দেখার সময় এসেছে।”
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

