Don't Miss
Home / হোম স্লাইডার / মোল্লা জালাল বিএফইউজে সভাপতি নির্বাচিত

মোল্লা জালাল বিএফইউজে সভাপতি নির্বাচিত

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা জালাল।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন সভাপতি পদে তার নাম ঘোষণা করেন।

ফল ঘোষণার সময়ে সভাপতি পদ প্রার্থী মোল্লা জালাল ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।

মোল্লা জালাল পেয়েছেন ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৯৭২ ভোট। নির্বাচনে সভাপতি পদের আরেক প্রার্থী আবদুল জলিল ভুঁইয়ার ভোটের সংখ্যা ৭৩৩।

গত ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণের পর অন্য পদগুলোতে নির্বাচিতদের নাম ঘোষণা হলেও সভাপতি পদের তিন প্রার্থী হাতে ভোট গণনার আবেদন জানালে সভাপতি পদে ফলাফল স্থগিত করা হয়েছিল।

বিএফইউজের এই অংশে সভাপতি মোল্লা জালালের সঙ্গে মহাসচিবের দায়িত্ব পালন করবেন শাবান মাহমুদ।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, নুরে জান্নাত আখতার সীমা, সেবিকা রানী ও খায়রুজ্জামান কামাল।

গত ৬ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রম আদালতের নির্দেশে নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ গত ৫ জুলাই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলে গত ১৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৩ জুলাই সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ঢাকায় তিন হাজার ২৪৯ ভোটারের মধ্যে এক হাজার ৯১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুষ্টিয়া ও বগুড়ার ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জাতীয় প্রেস ক্লাবে সকাল থেকেই ভোটাররা লাইন ধরে পছন্দের প্রার্থীদের ভোট দেন। প্রতিবারের মতো এ নির্বাচনকে কেন্দ্র করে এবারও প্রেস ক্লাবে বসে সাংবাদিকদের মিলনমেলা। কারণ এ মেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর একজনের সঙ্গে আরেক জনের দেখা হওয়ায় অনেকে দিনভর আড্ডা আর কুশল বিনিময় করেন।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...