Don't Miss
Home / প্রচ্ছদ / রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত দখলমুক্ত হলেও নতুন দখলের আশংকা

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত দখলমুক্ত হলেও নতুন দখলের আশংকা

বিশেষ প্রতিবেদন

নগরবাসীর দীর্ঘদিনের যানজটের দুশ্চিন্তা কমাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলো দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সমন্বিত বিশেষ অভিযান চালিয়েছে। ৫ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের এই অভিযানের ফলে গুলিস্তান, ধোলাইখাল, উত্তরা, শনির আখড়া, ধানমন্ডি ও কলাবাগানসহ ব্যস্ততম সড়কগুলোতে ফিরে এসেছে শৃঙ্খলা।

সরাসরি দেখা যায়, একসময়ের রুদ্ধশ্বাস যানজট এখন গায়েব। গুলিস্তানের দুই পাশের অবৈধ দোকানপাট ও স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হওয়ায় ফুটপাত এখন পথচারীদের জন্য খুলে গেছে। আর মূল সড়কে হেঁটে চলার ঝুঁকি নেই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আরাফাত রহমান শান্ত বাংলা ট্রিবিউনকে বলেন, “গুলিস্তানের এই সড়কে স্বাভাবিকভাবে হাঁটা একেবারেই সম্ভব ছিল না। ফুটপাত দখল থাকায় মানুষকে বাধ্য হয়ে সড়ক পেরোতে হতো। শুধু গুলিস্তান থেকে সদরঘাটে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত। এখন ১০ মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। উচ্ছেদ কার্যক্রমের ফলে সড়কের দুই পাশে আর অবৈধ দোকান নেই, তাই হাঁটা অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ।”

সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না হকও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অনার্স জীবনের তিন বছর এই যানজট আমার সময় নষ্ট করেছে। আগে কলেজে যেতে দুই ঘণ্টা লাগতো, এখন ২০-২৫ মিনিটেই পৌঁছানো সম্ভব।”

শিক্ষার্থীরা মনে করিয়ে দেন, পূর্বেও কয়েকবার ফুটপাত উচ্ছেদ করা হলেও পুনরায় দখল হয়েছে। সোহরাওয়ার্দী কলেজের তামান্না হক বলেন, “এই ঘটনা যেন পুনরায় না ঘটে, এজন্য কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি করতে হবে।”

নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিমও একই সুরে বলেন, “গুলিস্তান ও ধোলাইখাল ফুটপাতমুক্ত হওয়ায় পুরান ঢাকার মানুষদের দুর্ভোগ কমেছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভাসমান দোকান বসার চেষ্টা প্রতিরোধে নিয়মিত পুলিশি তদারকি জরুরি।”

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, “বছরের পর বছর অবৈধ দখলদাররা সড়ক ও ফুটপাত দখল করে নগরবাসীকে ভোগান্তিতে ফেলেছে। ডিএমপি ও সিটি করপোরেশনের যৌথ প্রচেষ্টায় তা এখন মুক্ত হয়েছে। উচ্ছেদ কার্যক্রম নিয়মিত চালানো হবে, যাতে নগরবাসীর ভোগান্তি এবং যানজট নিরসন সম্ভব হয়।”

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, “ফুটপাত দখলমুক্ত হওয়ায় যানজট অনেকটা কমেছে। তবে আমরা লক্ষ্য করছি, একদিকে ফুটপাত পরিষ্কার হচ্ছে অন্যদিকে আবার দখল হচ্ছে। তাই নিয়মিত মনিটরিং করা হবে।”

নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, রাজধানীর স্থায়ী যানজট নিরসনে শুধু অভিযান নয়, বরং ফুটপাত দখলমুক্ত রাখার ধারাবাহিকতা বজায় রাখা এবং হকারদের সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা অপরিহার্য।

x

Check Also

টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কারের কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: রিজভী

এমএনএ প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, টিকাবিরোধী ...