এমএনএ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন দল বিএনপি-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। এরপর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।
নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক বৈঠক বুধবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সেখানে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।
সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই এসব অগ্রাধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

