এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সিয়েরা লিওনে রাজধানী ফ্রিটাউনের কাছে পাহাড় ধসের ঘটনায় ৩১২ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর গতকাল ১৪ আগস্ট সোমবার ফ্রিটাউনের রিজেন্ট এলাকার ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো অনেকে আটকা পড়ে আছেন। দুই হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক মোসাকুইউ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১২ জনে। এ সংখ্যা আরো বাড়তে পারে। রাজধানী ফ্রিটাউনের দুটি হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে। সেখানে স্বজনেরা ভিড় করছেন।’
ফ্রিটাউনের কনাউট হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা মোহাম্মেদ সিন্নাহ এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত তারা ১৮০ জনের মরদেহ গ্রহণ করেছেন। এদের অধিকাংশই শিশু। তবে যে হারে মরদেহ আসছে, তাতে হাসপাতালের মর্গে আর মরদেহ রাখা সম্ভব নয়।’
ভারী বৃষ্টিপাতের পর গতকাল সোমবার ফ্রিটাউনের রিজেন্ট এলাকার পাহাড়ধসের ঘটনায় এ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ধসের কারণে অনেক ঘর সম্পূর্ণরূপে কাদায় ঢেকে গেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, এখনই হতাহতের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। মৃতদেহ উদ্ধারে কাজ চলছে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বোকারি ফো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সম্ভবত শত শত মৃতদেহ মাটির নিচে পড়ে আছে। এ দুর্যোগ এতটাই গুরুতর যে আমি নিজেই ভেঙে পড়েছি। আমরা ওই এলাকা ঘিরে রেখে দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

