Don't Miss
Home / ভ্রমণ ও পরিবহন / হবিগঞ্জের মনতলা রেলস্টেশনে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মনতলা রেলস্টেশনে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে জ্বালানি তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে এর চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি রেললাইনের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় কয়েকটি বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কিছু বগি পাশের জমিতে ছিটকে পড়ে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ করেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে, ফলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরুর প্রস্তুতি নেয় এবং পরে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত উদ্ধার ও লাইন সংস্কারের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, দুর্ঘটনার পর ট্রেনের বগি থেকে তেল ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় করেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

x

Check Also

ঈদযাত্রায় সড়কে মৃত্যুমিছিল: ১৫ দিনে ২৯৮ প্রাণহানি, চট্টগ্রামে সর্বোচ্চ দুর্ঘটনা

এমএনএ প্রতিবেদক ঈদুল ফিতরকে ঘিরে দেশের সড়কপথে আবারও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা ...