Don't Miss
Home / আজকের সংবাদ / আগামী নির্বাচন হবে কি-না গয়েশ্বরের আশঙ্কা

আগামী নির্বাচন হবে কি-না গয়েশ্বরের আশঙ্কা

এমএনএ রিপোর্ট : আগামী নির্বাচন (জাতীয় সংসদ) যথাসময়ে হবে কি-না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ, এমন কোনো দেশি-বিদেশি শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করতে পারেননি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।

তা ছাড়া বিরোধী দলের সঙ্গে সংলাপের ব্যাপারেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। তাই দেশবাসী এ নির্বাচন নিয়ে শঙ্কায় আছে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুইডেন বিএনপি শাখার উদ্যোগে ‘অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইডেন বিএনপি শাখার উপদেষ্টা মিজান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার বিভিন্ন কৌশলে আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু এবার এই নির্বাচন করতে দেবে না জনগণ। সারাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় যাক আর না যাক, এই সরকারের আয়ু বেশিদিন নেই। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কঠোর সমালোচনা করে তাকে ‘তামাশাম্যান’ বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সব ধরনের অনাচারকে ওবায়দুল কাদের সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একজন উন্নতমানের ফেরিওয়ালার ভূমিকা পালন করছেন। হকারের ভূমিকা পালন করছেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের কথায় ও কাজে কোনো মিল নেই। কীভাবে তারা আবারও ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকতে পারে, সে কাজে ব্যস্ত হয়ে পড়েছে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...