এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদুল আজহার ছুটি শেষে আজ শনিবার থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি চিঠির মাধ্যমে ভারতীয় রফতানিকারকসহ সংশ্লিষ্ট সব দফতরকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু ছিল। এ সময় আমদানিকারকরা বন্দরের ভেতরে আটকে পড়া পণ্য খালাস করতে পেরেছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

