Don't Miss
Home / হোম স্লাইডার / ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার

এমএনএ রিপোর্ট : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগামীকাল বুধবার বাইপাস সার্জারি করা হবে। সিঙ্গাপুরের স্থায়ী সময় সকাল ১০টায় ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি এ সার্জারি করবেন।

বর্তমানে ওবায়দুল কাদেরের রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া তার শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাসার রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ (মঙ্গলবার) সকালে এসব তথ্য জানিয়েছেন।

ডা. আবু নাসার রিজভী আরও জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। আগামীকাল তার বাইপাস সার্জারি করা হবে।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও সার্জারির বিষয়ে পরিবারের সদস্যদের জানিয়েছেন। এ সময় কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম উপস্থিত ছিলেন।

এদিকে, ওবায়দুল কাদেরের পরিবারের সদস্যরা এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গতকাল সোমবার জানানো হয়েছিল, সব কিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হবে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক এবং অধ্যাপক ডা. মোস্তফা জামান গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। সেখান থেকেই জানানো হয়েছে সব কিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২টার দিকে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হবে।

এদিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে মন্ত্রীর তথ্য কর্মকর্তা আবু নাসার রিজভী জানিয়েছেন, গতকাল সোমবার সকালে তিনি (ওবায়দুল কাদের) সীমিতভাবে হাঁটাচলা করেছেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে এবং নিউজিল্যান্ডে হামলার ঘটনার খোঁজ নেন।

নিউজিল্যান্ড থেকে ক্রিকেটাররা সবাই নিরাপদে ফিরেছে কিনা সে বিষয়েও জানতে চেয়েছেন। সেতুমন্ত্রীর এ তথ্য কর্মকর্তা আরও জানান, সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে আজ মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন তার বাইপাস সার্জারি কখন করবেন।

প্রসঙ্গত ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন। গত ৩ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা।

এতে কিছুক্ষণ সুস্থ থাকার পর আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়। পরে ভারত থেকে বিখ্যাত হৃদরোগ চিকিৎসক ডা. দেবী প্রসাদ শেঠিকে আনা হয়। তার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কাদেরকে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...