টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Posted by: News Desk
August 15, 2018
এমএনএ রিপোর্ট : বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকাল ১০টায় হেলিকপ্টারে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর পর সকাল ১০টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী গার্ড অব অনার দেয়। পরে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এর পর বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিল হবে।
এর আগে সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বিউগলে করুণ সুর বাজানো হয়। এ সময় তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
দিনটি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালনে আজ সরকারি ছুটি রয়েছে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আজ।
তিলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের দরবার হলে দুপুর সোয়া ১টায় বিশেষ মিলাদ মাহফিলে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে গিয়ে ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক ও ফুলের পাপড়ি অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ্ ও নাত প্রতিযোগিতা ও দোয়ার আয়োজন করবে। সারাদেশে সকল মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। বাদ জোহর সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধুর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় সমাধিতে 2018-08-15