Don't Miss
Home / সারাদেশ / ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫৬ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫৬ কিলোমিটার যানজট

এমএনএ জেলা প্রতিনিধি : বিকল হওয়া একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৬৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে রেল লাইনের ওপর বিকল হওয়া একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। ট্রেনটিও বিকল হয়ে থেমে গেলে মহাসড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর রেল ও সড়কপথ চালু হলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ঘটনার পর ধেরুয়া রেল ক্রসিং এলাকায় কর্তব্যরত দুই গেটম্যান পলাতক রয়েছে বলে জানা গেছে।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ৩ টা ৩৩ মিনিটে মির্জাপুর স্টেশন অতিক্রম করে। মির্জাপুর স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার গ্রেড-৪ নাজমুল হুদা বকুল ধেরুয়া রেল ক্রসিংয়ে কর্তব্যরত গেটম্যান এনামুল ও আব্দুল আলীমের সঙ্গে যোগাযোগ করে গোপন কোড নম্বরের মাধ্যমে সবুজ সংকেত পেয়ে ট্রেনটি ছেড়ে দেন।
টেনটি মির্জাপুর স্টেশন থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে ধেরুয়া নামক স্থানে মহাসড়কে রেল লাইনের ওপর বিকল হয়ে থাকা সার ভর্তি একটি ট্রাককে (পাবনা-ট-১১-০৬৫০ ) ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় পাশে থেমে থাকা আরেকটি ট্রাকেও ধাক্কা লাগে। এত আহত হন ট্রাকের চালক। প্রায় ৫০ গজ যাওয়ার পর যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল।
এছাড়া বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল সড়কেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ভোর ৫টায় মির্জাপুর স্টেশনে আটকা পড়ে নীল সাগর এক্সেপ্রেস ও সকাল সাড়ে ৭টায় মহেড়া স্টেশনে আটকা পড়ে একতা এক্সপ্রেস। সকাল ৬টা ৩৫ মিনিটে নীলফামারীর চিলাহাটী থেকে নীল সাগর উদ্ধার ট্রেন এসে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে মির্জাপুর স্টেশনে নিয়ে আসে। পরে সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে লাইট ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি ঢাকায় নিয়ে গেলে সকাল ৮টায় নীল সাগর ও ৯টায় একতা এক্সপ্রেস ট্রেন দুটি ঢাকার উদ্দ্যেশে মির্জাপুর স্টেশন থেকে ছেড়ে যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোলরুম সূত্র দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দুর্ঘটনার কারণে একতা ও নীল সাগর ট্রেন দুটিও মির্জাপুর পার হতে দুই ঘণ্টা বিলম্ব হয়। ধেরুয়া রেল ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকারী ইমদাদুল ও আব্দুল আলীম দুর্ঘনার পর পালিয়ে গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এ দিকে দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া রেল ক্রসিং এর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায় এই যানজট মহাসড়কের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার জুড়ে বিস্তিৃত হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছিল।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মির্জাপুর রেল স্টেশনের মাস্টার নাজমুল হুদা বকুল জানান, ধেরুয়া এলাকায় গোপন নম্বরের মাধ্যমে সবুজ সংকেত পেয়ে ট্রেনটি ছাড়া হয়। রেল সড়কের ওপর বিকল হওয়া ট্রাক থাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক বিকল হওয়ার খবর সময়মত জানতে পারলে দুর্ঘটনা রোধ করা যেত বলে তিনি উল্লেখ করেন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...