তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল
Posted by: News Desk
December 2, 2018
এমএনএ রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া আসন গুলো হল, ফেনী-১, বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭। আজ রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করা হয়।
বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের সাজা হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে সকালে একই কারণে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদ-উজ জামান।
রবিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে খালেদা জিয়ার মনোনয়নপত্রের ব্যাপারে এক শুনানিতে পক্ষ-বিপক্ষের বক্তব্য শোনেন রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদ উজ জামান।
খালেদা জিয়ার মনোনয়নপত্রের তথ্য সঠিক হলেও পুলিশ তার বিরুদ্ধে দুটি মামলায় সাজার কথা উল্লেখ করেন। ওই সময় খালেদা জিয়ার পক্ষে ফেনী জেলা বিএনপির সভাপতি ও আইনজীবী আবু তাহের যুক্তি দেন যে আপিল বিভাগে মামলা দুটি বিচারাধীন আছে। শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং অফিসসূত্র জানায়, বগুড়ার সাতটি আসনে মনোনয়ন বাছাইয়ে আলোচিত সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
১ শতাংশ ভোটারের স্বাক্ষর জাল, উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা ও ঋণখেলাপির কারণে তাদের মনোনয়ন বাতিল হয়েছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী টিপু সুলতান ও আবদুল মান্নান মিয়ার প্রার্থিতা বাতিল হয়েছে।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ফকির ও মোস্তাফিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন মণ্ডল ও আবদুল মজিদের মনোনয়ন বাতিল হয়েছে।
তবে এ আসনে আবদুল মহিত তালুকদারের বড় ভাই আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিএনপির সাবেক এমপি বিএনপি প্রার্থী আবদুল মোমিন তালুকদার খোকা ও তার স্ত্রী বিএনপি প্রার্থী মাসুদা মোমিনের মনোনয়ন বৈধ হয়েছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় কাহালু উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন কবিরাজ ও এএনএম আহছানুল হক, কাহালু উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মাওলানা তায়েব আলী, দলের নিবন্ধন না থাকায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের অধ্যাপক জাহিদুর রহমান এবং ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ও ইউনুস আলী মণ্ডলের মনোনয়ন বাতিল হয়েছে।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে শেরপুর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আলহাজ দবিবর রহমান, সিটি ব্যাংকে ঋণখেলাপি থাকায় বিকল্পধারার মাহবুব আলী ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী তাহমিনা জামান হিমিকার মনোনয়ন বাতিল হয়েছে।
মনোনয়নপত্র তিন আসনেই খালেদা জিয়ার বাতিল 2018-12-02