তৃতীয় ধাপ থেকে ইভিএমে উপজেলা নির্বাচন
Posted by: News Desk
February 18, 2019
এমএনএ রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। তৃতীয় ধাপ থেকে ইভিএমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট পাঁচটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রত্যেকটি ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ছিল আমাদের । কিন্তু বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে একটু দেরি হওয়ায় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আজ সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন ইসি সচিব।
কতগুলো উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আগেই সিদ্ধান্ত ছিল যে, সদর উপজেলাগুলোয় ইভিএম ব্যবহার করব। তৃতীয় থেকে পঞ্চম ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের আছে।’
দেশের ৪৯২ উপজেলার মধ্যে পাঁচ ধাপে ভোট হচ্ছে এবার।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১২৯ উপজেলা, তৃতীয় ধাপে ২৪ মার্চ সাত বিভাগের ২৫ জেলার ১২৭টি উপজেলায় নির্বাচন হবে।
এছাড়া ৩১ মার্চ চতুর্থ ও ১৮ জুন পঞ্চম ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলায় ইভিএম ব্যবহারের আইন থাকলেও এখনও এ সংক্রান্ত বিধিমালা জারি হয়নি। এজন্যে বিলম্ব করতে হচ্ছে কমিশনকে।
এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, পরীক্ষামূলকভাবে ঢাকায় দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের পরিকল্পনা থাকলেও তা আর করা হচ্ছে না।
এক প্রশ্নে হেলালুদ্দীন আহমদ বলেন, “ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।
তিনি জানান, ঢাকার প্রতি কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে থাকবেন। এছাড়া বিজিবি, র্যাবের বিষেশ টহল, ম্যাজিস্ট্রেট টিম থাকবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তরে মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ মিলিয়ে ৩৮টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হতে যাচ্ছে।
নির্বাচন তৃতীয় থেকে উপজেলা ইভিএমে ধাপ 2019-02-18