Don't Miss
Home / ফিচার / দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে এবার দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে
ঈদগাহ

দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে এবার দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে

এমএনএ ফিচার ডেস্কঃ দেশের সবচেয়ে বড় ঈদজামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সৌন্দর্য বৃদ্ধির লক্ষে মিনারে সংস্কার কাজ, রঙ করা, ধোয়ামোছা, মাঠে মাটি ভোরাটসহ আনুসাঙ্গিক কাজ। এ উপলক্ষে নেওয়া হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ। এ ছাড়াও ঈদের নামাজে আসা মুসল্লিদের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

এরই মধ্যে মাঠের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের টাওয়ার। মাঠের আরেকটি অংশে ঘের দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন যানবাহনের গ্যারেজ। এ ছাড়াও পাশের স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমি ও জেলা গণগ্রন্থাগারেও যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে।

প্রবেশের জন্য মাঠের চারপাশে তৈরি করা হচ্ছে তরণ। শহরের প্রবেশ মুখগুলোতে এবং মিনারে যাওয়ার রাস্তাতেও তৈরি হচ্ছে তরণ। মুসুল্লিদের জন্য মাঠে ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুতের পাশাপাশি থাকবে জেনারেটর।

জানা যায়, দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানের পশ্চিম প্রান্তে ২০১৫ সালে এ ঈদগাহের নির্মাণকাজ শুরু হয়। প্রায় দেড় বছর পর এটি নামাজের জন্য পুরো প্রস্তুত করা হয়। এ ঈদগাহে রয়েছে ৫২টি গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝখানের দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। এসব মিনার আর গম্বুজের প্রস্থ হলো ৫১৬ ফুট। দেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানের পশ্চিম দিকে প্রতিষ্ঠিত হয়েছে এ ঈদগাহ মিনারটি। প্রত্যেকটি গম্বুজে দেওয়া হয়েছে বৈদ্যুতিক বাতি সংযোগ। মিনার দুটির উচ্চতা ৫০ ফুট। যে মেহরাবে খতিব বয়ান করবেন, সেটির উচ্চতা ৫০ ফুট। ৫২টি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা ৩০ ফুট।

প্রতিবছর দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। দিনাজপুরবাসী আশা করছে, এবার থেকে ৫২ গম্বুজের গোর-এ ঈদগাহ মাঠে সবচেয়ে বড় ঈদজামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এই বড় ঈদ জামাতের উদ্যোগ নেন। তার তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এ মিনার। দেশের সবচেয়ে বড় ঈদের নামাজে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন ও পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়াও যদি বৈরী আবহাওয়া হয় তাহলে বড় মাঠের পাশে মসজিদসহ আশপাশের এলাকার মসজিদগুলোতে একযোগে নামাজ আদায় করা হবে।

মাঠে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাশাপাশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পক্ষে তত্বাবধানে থাকা ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মো. রমজান আলী জানান, গত ১৫ দিন ধরে মিনারের সংস্কার ও মাঠ পরিচর্যার কাজ চলছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও জেলা প্রশাসন সার্বক্ষণির খোঁজখবর রাখছেন। প্রস্তুতি শেষের দিকে।

দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান,গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাতকে ঘিরে কড়া নিরাপত্তার জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ঈদগাহের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ প্রাঙ্গণে সক্রিয় থাকবে সাদা পোশাকে পুলিশ ও র‌্যাাব সদস্যসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া মাঠের নিরাপত্তার জন্য নির্মিত হয়েছে চারটি বড় পর্যবেক্ষণ টাওয়ার। ট্রাফিক ব্যবস্থা থাকবে শহরজুড়ে। যাতে করে দূর-দূরান্ত থেকে আসা যানবাহনগুলো শহরে প্রবেশ করতে ও বাহির হতে কোনো সমস্যা না হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...