Don't Miss
Home / হোম স্লাইডার / পিআইবির নতুন চেয়ারম্যান আবেদ খান

পিআইবির নতুন চেয়ারম্যান আবেদ খান

এমএনএ রিপোর্ট : বিশিষ্ট সাংবাদিক আবেদ খানকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবির) পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে সরকার।

গতকাল সোমবার তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ সদস্যের নাম প্রকাশ করেছে। পিআইবি আইন, ২০১৮-এর ৭ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে।

পিআইবির চেয়ারম্যান দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার গত বছরের ১৩ অগাস্ট সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেলে ওই পদটি ফাঁকা হয়। আবেদ খান পিআইবিতে সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হলেন।

আবেদ খান ১৬ এপ্রিল ১৯৪৫ সালে, খুলনা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। অবিভক্ত ভারতের দৈনিক আজাদ-এর সম্পাদক মাওলানা আকরম খাঁ সম্পর্কে তাঁর নানা (মাতামহ) ছিলেন।

মাত্র ১৭ বছর বয়সে ১৯৬২ সালে আবেদ খানেরও সাংবাদিকতায় হাতেখড়ি ঘটে দৈনিক ‘জেহাদ’-এ। দৈনিক জেহাদে সহ-সম্পাদক হিসেবে বছরখানেক কাজ করার পর ১৯৬৩-তে তিনি দৈনিক ‘সংবাদ’-এ যোগদান করেন। পরের বছরই দৈনিক ইত্তেফাক-এ একই পদে যোগ দেওয়ার মাধ্যমে তিনি শুরু করেন এক দীর্ঘ কর্মসাধনাময় অধ্যায়। এ পত্রিকায় আবেদ খান পর্যায়ক্রমে শিফট-ইনচার্জ, প্রধান প্রতিবেদন, সহকারী সম্পাদক ও কলামিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে তিনি দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৩০ জুন কালের কণ্ঠ থেকে পদত্যাগের পর তিনি ২০১২ সালের জুন মাসে এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকতা ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করেন। ২০১৩ সালের এপ্রিলে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি দৈনিক জাগরণ নামের প্রকাশিতব্য একটি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক।

মুক্তিযোদ্ধা আবেদ খান অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। তিনি দৈনিক ভোরের কাগজ, যুগান্তর এবং সমকালেও সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নবগঠিত পিআইবির পরিচালনা বোর্ডের সদস্যদের মধ্যে তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনোনীত যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি থাকবেন। এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাবুদ্দিন, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, একই সংগঠনের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা অনুপ খাস্তগীর এ বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছেন। পিআইবির মহাপরিচালক এই বোর্ডের সদস্য সচিব।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...