এমএনএ সাইটেক ডেস্ক : প্রিজমা কী আর কেনই বা এত জনপ্রিয়- এ ব্যাপারে বলতে গেলে বলতে হয় গত ছয় বছরে প্রচুর ইমেজ-এডিটিং মোবাইল অ্যাপ বের হয়েছে তবে এর কোনটিই প্রিজমা’র মতো জনপ্রিয়তা পায়নি। রাশিয়ার এই অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এক সেকেন্ডের মধ্যে ছবিকে প্রতিচ্ছায়াবাদী পেইন্টিংয়ে পরিবর্তন করছে।
প্রিজমা খানিকটা পোকেমন গো গেম অ্যাপটির পরিস্থিতির মতো। এটি একটি অপেশাদার ফটোগ্রাফি সংস্করণ। তবে একটি ইমেজ এডিটিং অ্যাপের ক্ষেত্রে এতো আলোড়ন তৈরি করা নিঃসন্দেহে অবাক করার মতোই। কিন্তু প্রিজমা কী?
প্রিজমা খুব সরলাকৃতির একটি ফটো-এডিটিং অ্যাপ। রাশিয়ার রাজধানী মস্কোর এক অ্যাপ ডেভেলপার এই অ্যাপটি তৈরি করেছে। ইউজাররা স্মার্টফোনের ক্যামেরা থেকে সদ্য তোলা ছবি বা ইমেজ লাইব্রেরি থেকে ছবি নিয়ে অ্যাপটির ভিন্ন ভিন্ন ৩৩টি
ফিল্টার ব্যবহার করে বিখ্যাত শিল্পী অর্থাৎ পিকাসো, মনেট, ভ্যান গগ, মাঞ্চ, লেভিটান এবং ক্যানডিনস্কি’র শিল্প ভঙ্গির আদলে ছবির রূপ দিতে পারবেন। তাছাড়া ডিসি কমিক বুকের জনপ্রিয় ডিজাইনগুলোর আলোকেও ছবি ফিল্টার করতে পারবেন। আর তা করতে অ্যাপটির সময় লাগবে মাত্র ১ সেকেন্ড।
পরবর্তীতে ছবিগুলো ডিভাইসে সেভ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে শেয়ার করা যায়। অ্যাপটি জুন মাসে উন্মোচিত হয় এবং আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে আইটিউনের পঞ্চম জনপ্রিয় ফ্রি অ্যাপ। এটিই একমাত্র ফটো এডিটিং অ্যাপ যেটি কিনা সবচেয়ে ডাউনলোড হওয়া ৫০ অ্যাপের তালিকায় অবস্থান করছে।
আইফোনের জনপ্রিয় অ্যাপ প্রিজমা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এখন ব্যবহারের সুযোগ হয়েছে। প্রিজমা অ্যাপটি ছবিকে আর্টওয়ার্ক বা শিল্পকর্মে রূপান্তর করতে পারে। আইফোনে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের মধ্যে এখন শীর্ষে প্রিজমা অ্যাপটি। আইওএস প্ল্যাটফর্মে সহজলভ্য হলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এর জন্য অপেক্ষায় ছিলেন।
সম্প্রতি প্রিজমা ল্যাব ইনকরপোরেশন অ্যান্ড্রয়েডের জন্য বিটা বা পরীক্ষামূলক সংস্করণ হিসেবে অ্যাপটি চালু করেছে।
যেভাবে পাবেন
প্রিজমার এই বিটা অ্যাপ্লিকেশনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্লে স্টোরে উন্মুক্ত করা হয়নি। তবে অ্যাপটি পেতে প্রিজমার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রিজমা অ্যাপের নিউজলেটারে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর প্রিজমা অ্যাপ বিটা এপিকে ডাউনলোডের জন্য একটি লিংক পাওয়া যাবে।
বিটা সংস্করণে কিছু বাগ বা সফটওয়্যার ত্রুটি থাকতে পারে। তাই আগ্রহী ব্যক্তিদের ঝুঁকি নিয়েই এটি ডাউনলোড করতে হবে।
যেভাবে ডাউনলোড করবেন
১. প্রথমে (http://prisma-ai.com/) লিংক থেকে (প্রিজমা বিটা এপিকে) ডাউনলোড করুন।
২. ফোন সেটিংসে যান। সেখান থেকে সিকিউরিটি অপশনে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনের অজানা উৎস থেকে ডাউনলোড বিষয়টি অনুমোদন করে দিন।
৩. প্রিজমা বিটা এপিকে ইনস্টল করুন।
৪. এখন অ্যাপ চালু করে সেলফি তুলুন বা ফোনের গ্যালারিতে সংরক্ষিত ছবি নির্বাচন করে দিন।
৫. প্রিজমা অ্যাপ ছবিটি শিল্পকর্মে রূপান্তর করবে।
৬. সম্পাদনা করা প্রিজমা ছবিটি সংরক্ষণ করতে মূল স্ক্রিনে অবশ্য কোনো অপশন থাকবে না। সংরক্ষণ করতে অ্যাপ সেটিংসে গিয়ে ‘সেভ আর্টওয়ার্কস অটোমেটিক্যালি’ বিষয়টি নির্বাচন করে দিন। এতে ছবি স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সংরক্ষণ হবে। এ ছাড়া ছবি সম্পাদনার পর শেয়ার আইকনে ক্লিক করে ছবি সংরক্ষণ করা যায়।
৭. যাঁরা ছবিতে প্রিজমা জলছাপ মুছতে চান, তাঁরা সেটিংসে গিয়ে ‘অ্যাড ওয়াটারমার্ক’ অপশনটি থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।
আইওএস সংস্করণে অ্যাপটির লিংক (https://itunes.apple.com/app/id1122649984)
অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

