Don't Miss
Home / হোম স্লাইডার / বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে ওয়ার্নার

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে ওয়ার্নার

এমএনএ স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে এখন ডেভিড ওয়ার্নার। নটিংহ্যামে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪ ম্যাচে তার রান ৩৮৪। কিন্তু এই ম্যাচে প্রথমে ৫৩ রানের ইনিংস খেলে সাকিবকে ছাড়িয়ে যান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পরে ১৬৬ রানের ইনিংস খেলে ফিঞ্চকে ছাড়িয়ে অনেকটা দূরে এগিয়ে যান ওয়ার্নার। তার মোট রান এখন ৪৪৭।

চলতি বিশ্বকাপের ২৪তম ম্যাচ পর্যন্ত সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন জেসন রয় (১৫৩)। তবে ১৫৩ রানের ইনিংস আছে অ্যারন ফিঞ্চেরও। বাংলাদেশের বিপক্ষে ওয়ার্নার যেভাবে ব্যাটিং করেছেন তাতে এই কীর্তি যে তার দখলে যাবে সেটা বোঝাই যাচ্ছিল। রুবেল হোসেনের করা ইনিংসের ৪৪তম ওভারে পরপর দুই বাউন্ডারিতে তা হয়েও গেছে। ফলে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরের মালিক ওয়ার্নার।

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১১২ বলে পাওয়া এই সেঞ্চুরিটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় ও সবমিলিয়ে ১৬তম ওয়ানডে সেঞ্চুরি। তবে সেঞ্চুরি হাঁকিয়ে থেমে থাকেনি তার ব্যাট। নিজের সংগ্রহ নিয়ে গেছেন দেড়শ ছাড়িয়ে। আগেই সাকিবকে ছাড়ানোর পর অপেক্ষা ছিল জেসন রয়কে ছাড়ানোর। টাইগার বোলিংকে দুমড়ে মুচড়ে ১৪৭ বলে ১৪ চার ও ৫ ছয়ে ১৬৬ রানের ঝড়ো এক ইনিংস খেলেন এই ওপেনার।

আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ইনিংসটা যেন শেষ থেকেই শুরু করলেন ওয়ার্নার। বল টেম্পারিং এর কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর বিশ্বকাপ দিয়েই অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ফেরেন এই মারকুটে ওপেনার। ফিরে এসে ব্যাটিংয়ে নিজের চিরচেনা সেই দুর্দান্ত ফর্মে আছেন এই ব্যাটসম্যান।

চলতি বিশ্বকাপে আজসহ ছয়টি ম্যাচে মাঠে নেমেছেন ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে আউট হওয়ার পর তার মোট রান ৪৪৭। যা ছয় ম্যাচ খেলে অ্যারন ফিঞ্চের করা ৩৯৬ রান থেকে ৫১ বেশি।

এবারের বিশ্বকাপে আজ নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। এর আগে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ১১১ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। এছাড়াও আফগানিস্তান (৮৯*) ও ভারতের (৫৬) বিপক্ষে খেলেছেন পঞ্চাশোর্ধ দুটি ইনিংস। বাকি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রান ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রান করেন এই ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ৩৮২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে অজিরা। এই ম্যাচে বড় স্কোর গড়ে সাকিবের সামনে এখনও সুযোগ আছে মুকুট পুনরুদ্ধার করার।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...